প্রতিবাদের মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রতিবাদের মুখে পুলিশ গত বৃহস্পতিবার পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজারে মন্দিরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সমাজ বাজারের প্রভাবশালী শরিফুল ইসলাম মাস্টার হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন কালীমাতা মন্দিরের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছেন। এ ঘটনার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বী শতাধিক নারী-পুরুষ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ ও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সমাজ সর্বজনীন কালীমাতা মন্দির কমিটির সভাপতি সুরেশ হালদার জানান, শরিফ মাস্টার ভুয়া কাগজপত্রমূলে মন্দিরের সম্পত্তি নিজের বলে দাবি করে আসছেন। আগে তাঁর লোকজনের হামলায় নারীসহ ২০ জন আহত হন। গত বুধবার রাত ১১টায় তিনি ফের লোকজন নিয়ে ওই জায়গায় টিনের ছাপরা ও দোকানঘর তোলেন। এ ঘটনার প্রতিবাদে ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে পরদিন বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যায়। ইউএনও কার্যালয়ে না থাকায় তারা পৌরসভার প্রধান সড়কে বিক্ষোভ করে এবং বেলা সাড়ে তিনটার দিকে থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) পুলিশকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়ে ঘটনাস্থলে পাঠান। পুলিশ ১৫ কিলোমিটার দূরের সমাজ বাজারে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে থানায় খবর দিলে বিক্ষোভকারীরা বিকেল পাঁচটার দিকে কর্মসূচি প্রত্যাহার করে নেয়। পরে মামলা করা হয়।