প্রতিবাদের মুখে ইন্টার্ন চিকিৎসক কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাস-পাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদ্যঘোষিত কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। মেডিকেল কলেজ ছাত্রলীগের একাংশের প্রতিবাদের মুখে এ ঘোষণা দেওয়া হয়।
গত বুধবার মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত বৈঠকে কমিটি বাতিল ঘোষণা করেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা নেতারা। এর আগে সোমবার বিএমএ ও স্বাচিপ নেতাদের বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি করার অভিযোগ তোলে মেডিকেল কলেজ ছাত্রলীগের একাংশ। বিএমএ ও স্বাচিপ নেতাদের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে মঙ্গলবার পাল্টা কমিটি ঘোষণা দিলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
উদ্ভূত পরিস্থিতিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সভাকক্ষে দুই পক্ষকে নিয়ে বুধবার বৈঠক আহ্বান করা হয়। সেখানে বিএমএ ও স্বাচিপ নেতারা উভয় পক্ষকে নিয়ে বৈঠক শেষে কমিটি বাতিল ঘোষণা করেন।
সোমবার জেলা বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ৩১ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়। জেলা বিএমএর সভাপতি মোস্তফা আলম, সাধারণ সম্পাদক রেজাউল আলম ও জেলা স্বাচিপের সভাপতি সামির হোসেন যৌথ স্বাক্ষর করে কমিটির অনুমোদন দেন। কিন্তু এ কমিটির সভাপতি এ কে এম ইবনে সিনার বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসানের নেতৃত্বাধীন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া ইবনে সিনার একটি ছবিও গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়।
তবে প্রথম থেকেই এ কে এম ইবনে সিনা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তাঁর দাবি, তিনি ছাত্রদল নয়, ছাত্রলীগ করতেন।
স্বাচিপ বগুড়া জেলা কমিটির সভাপতি সামির হোসেন বলেন, ‘সবার সমঝোতার ভিত্তিতেই ইবনে সিনাকে সভাপতি এবং তৌহিদুজ্জামান তৌহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়েছিল। স্বাচিপ ও বিএমএর পক্ষ থেকে সেই কমিটিকে শুধু অনুমোদন দেওয়া হয়েছিল। ইবনে সিনা অন্য কোনো ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন—এমনটা আমাদের জানা নেই।’