প্রতিবাদের মুখে ফিরে গেলেন চার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া উচ্চবিদ্যালয়ে গোপনে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে নবনিযুক্ত চারজন শিক্ষক কাজে যোগদান করতে পারেননি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সাংসদের ঢাকার ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ১২ ফেব্রুয়ারি গোবিন্দপাড়া উচ্চবিদ্যালয়ের ওই চারজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন সহকারী শিক্ষক শাহজাহান আলী (সমাজবিজ্ঞান), মামুনুর রশিদ (জীববিজ্ঞান), আবদুল হাই (গণিত) ও সহকারী গ্রন্থাগারিক আবদুল জলিল।স্থানীয় লোকজনের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে না পারায় স্থানীয় প্রার্থীরা আবেদন করতে পারেননি। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দিয়েছেন।গতকাল সকালে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকেরা বিদ্যালয়ে কাজে যোগদান করতে এলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দুই ঘণ্টা বিদ্যালয় অবরুদ্ধ করে রাখেন। এই নিয়োগ বাতিলের দাবিতে প্রায় তিন শতাধিক লোক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন প্রভাষক আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, শুকুর আলী, লুত্ফর রহমান, খোরশেদ আলম প্রমুখ। এ সময় প্রতিরোধের মুখে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকেরা যোগদানপত্র না দিয়েই চলে যান। তাঁরা দাবি করেন, বৈধভাবেই তাঁরা নিয়োগ পেয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘বৈধভাবে যোগ্য শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি।’ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘ঢাকায় সাংসদের ব্যবসাপ্রতিষ্ঠানে বসেই চার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।’নিয়োগ বোর্ডের সদস্যসচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘ঢাকায় সাংসদের ইচ্ছায় নিয়োগ বোর্ড বসিয়ে চার শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখব।’