প্রতিবাদ-বিক্ষোভ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর অপবাদ দিয়ে সিলেটে ছোট্ট শিশু শেখ মো. সামিউল আলম ওরফে রাজনকে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবিতে সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ ও মানববন্ধনের মতো কর্মসূচি চলছেই।
সিলেটে বৃষ্টি উপেক্ষা করে গতকাল বুধবার প্রতিবাদ কর্মসূচি পালন করে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো। দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থানীয় এলাকাবাসী, সম্মানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কাজলশাহ এলাকাবাসী, আম্বরখানা এলাকায় মাদকবিরোধী সংগঠন ‘সবুজ তারুণ্য’, বন্দরবাজার এলাকায় লালদিঘিরপাড় নতুন মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া শেখপাড়া এলাকাবাসীর উদ্যোগে হয় বিক্ষোভ-মিছিল।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করে খেলাঘর জেলা শাখা। এ সময় বক্তারা অভিযোগ করেন, সামিউলকে হত্যার পর হত্যাকারীদের মতো পুলিশও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ব্যাপক প্রচারের পর দেশব্যাপী প্রতিবাদের মুখে পুলিশ প্রশাসন ও সরকার তৎপর হয়েছে। একইভাবে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে মোবাইল চুরির অভিযোগে কিশোর নাঈমকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা হলেও তিন দিনেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরে দুপুর ১২টায় মানববন্ধন করে সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স এবং কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
মুন্সিগঞ্জে শিশু সংগঠন লাইব্রেরি ফর দ্য চিলড্রেনের উদ্যোগে বেলা ১১টায় মানববন্ধন হয়েছে। এতে নানা শ্রেণি-পেশার লোক অংশ নেন।
মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, সামিউল হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে বেলা ১১টায় মানববন্ধন হয় একুশে উদ্যাপন পরিষদের উদ্যোগে। এ ছাড়া সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, শিশু-কিশোর মেলার উদ্যোগে মুক্তির মোড়ে পৃথক মানববন্ধন হয়।
খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে দুপুর ১২টায় মানববন্ধন করে মহানগর ছাত্রফ্রন্ট। সংগঠনের সদস্যরা ছাড়াও এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে দ্রুততম সময়ের মধ্যে বর্বরোচিত এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে যৌথভাবে মানববন্ধন করে খেলাঘর, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মহিলা পরিষদ, গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। বক্তারা বলেন, রাজনীতির দুর্বৃত্তায়ন সমাজের মূল্যবোধ, মানবিকতাবোধ ধ্বংস করে দিয়েছে। এর প্রতিফলন ঘটছে সামিউলের মতো শিশুদের হত্যার ঘটনায়। মানুষ এতটাই অমানবিক হয়ে উঠেছে যে নিষ্পাপ একটি শিশুকে পিটিয়ে হত্যার দৃশ্য ধারণ করে আবার তা প্রচারও করছে।
জামালপুর প্রেসক্লাবের আয়োজনে দুপুরে হয়েছে মানববন্ধন। এতে সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি সংগঠনের কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তাঁরা সামিউলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, সরকারি নজরদারির পরও মূল আসামি কামরুলকে বিদেশে পালিয়ে যেতে যেসব ব্যক্তি সহযোগিতা করেছেন, তাঁদেরও বিচারের আওতায় আনতে হবে। নোয়াখালী শহরের টাউন হল মোড়ে সকাল সাড়ে দশটায় মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার, জামালপুর প্রতিনিধি এবং সিলেট, খুলনা, সুনামগঞ্জ ও নোয়াখালী অফিস}