প্রতিবেদকের বক্তব্যের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চের প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘জোহাকে তলব করা হয়েছিল’ শীর্ষক প্রতিবাদে উল্লিখিত ‘প্রতিবেদকের বক্তব্যের’ প্রতিবাদ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রতিবেদকের বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে জোহাকে সভায় উপস্থিত থাকার জন্য পত্র মারফত ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে অনুরোধ করা হয়েছিল; তাঁকে তলব করা হয়েছে এমনটা পত্রে উল্লেখ নেই। এ ধরনের মন্তব্য দুর্বল সাংবাদিকতার পরিচায়ক। একটি সভায় বিভিন্নজনকে বিভিন্ন উদ্দেশে উপস্থিতির জন্য অনুরোধ করা হয়; যেমন কেউ পরামর্শক হিসেবে, কেউ জবাবদিহিতা করতে, কেউ তথ্য উপস্থাপনা করতে, কেউ আবার আরজি পেশ করতে উপস্থিত থাকে। ফলে উক্ত পত্রে ‘তলব’ শব্দটি উল্লেখ না থাকারই কথা।’
‘প্রতিবেদকের বক্তব্যে’ উল্লেখ করা হয়েছে, ‘চিঠি সম্পর্কে জানতে প্রতিমন্ত্রী, সচিব এবং একজন জ্যেষ্ঠ সহকারী সচিবের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা সাড়া দেননি।’ কিন্তু প্রতিমন্ত্রীর কললিস্টে কোনো কল দেখা যাচ্ছে না।
‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’-এর প্রতিবাদ প্রকাশ করে প্রতিবেদকের বক্তব্যের শেষ অনুচ্ছেদে ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়’কে সম্পৃক্ত করে মতামত প্রদান অজ্ঞতার বহিঃপ্রকাশ। ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়’-এর অধীন দুটি পৃথক বিভাগ রয়েছে, যার একটি হলো ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’। ফলে ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’ এবং ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়’কে অভিন্ন সত্তা হিসেবে তুলে ধরে দেশবাসীকে বিভ্রান্ত করার যে অপপ্রয়াস নেওয়া হয়েছে, তা হলুদ সাংবাদিকতার জ্বলন্ত উদাহরণ।
প্রতিবাদপত্রটি দুই দিনের মধ্যে হুবহু ছাপানোর অনুরোধ করা হয়েছে। নইলে মামলা করার কথা বলা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: সাংবাদিকতার নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে প্রতিবেদনটি লেখা হয়েছে। যোগাযোগের জন্য স্বীকৃত যে পদ্ধতি সাংবাদিকেরা অনুসরণ করে থাকেন, তার ব্যত্যয় হয়নি।