সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে দুটি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যা-লয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, গোয়েন্দা সংস্থার (ডিবি) পক্ষ থেকে বুধবার বিকেলে তদন্তের অগ্রগতি-সংক্রান্ত একটি প্রতিবেদন এসে পৌঁছেছে। গতকাল সকাল ১০টার দিকে পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে আরেকটি প্রতিবেদন এসে পৌঁছায়। কিন্তু দ্বৈত বেঞ্চের এক বিচারপতি ছুটিতে থাকায় আদালতের অধিক্ষেত্র পরিবর্তিত হয়েছে। অবকাশ শেষে ৮ এপ্রিল প্রতিবেদনগুলো আদালতে দাখিল করা হবে।২০ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ২২ মার্চের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন।গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। ১২ মার্চ রুনির ভাই বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। ওই হত্যার কারণ উদ্ঘাটনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি ওই বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনাও দেন। বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।