কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা জটিলতা নিয়ে প্রকাশিত গেজেট ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো সীমানা নির্ধারণ কর্মকর্তার প্রতিবেদন একই রকম। স্থানীয় সরকার বিভাগে যেভাবে প্রতিবেদন পাঠানো হয়েছে, সেভাবেই গেজেট প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে প্রকাশিত গেজেটে কোনো ব্যত্যয় ঘটেনি।গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক ব্যাখ্যায় কুমিল্লার জেলা প্রশাসক ও নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রেজাউল আহসান ওই মন্তব্য করেন।এদিকে ২০ নভেম্বরের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের সীমানা জটিলতা নিরসনের অনুরোধ জানিয়ে গতকাল স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, সীমানা জটিলতা নিরসন না করে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করা সম্ভব নয়। কারণ, তাতে আইনি জটিলতা তৈরি হতে পারে। আর জটিলতা নিরসনের কাজটি ২০ নভেম্বরের মধ্যেই করতে হবে। নইলে আইনে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। স্থানীয় সরকার বিভাগে পাঠানো ব্যাখ্যার ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক বলেন, গত সোমবার প্রথম আলোতে ‘কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে আইনি জটিলতার আশঙ্কা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ব্যাপারে ওই দিনই জেলা প্রশাসকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় স্থানীয় সরকার বিভাগ। এরই আলোকে জেলা প্রশাসক গতকাল তাঁর এক পৃষ্ঠার প্রতিবেদনটি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে ফ্যাক্স করে পাঠান।প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিধিমোতাবেক সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিভক্তিকরণের শুনানি শেষে গত ২০ অক্টোবর স্থানীয় সরকার বিভাগে একটি চূড়ান্ত ওয়ার্ড তালিকার প্রতিবেদন পাঠানো হয়। ওই তালিকা অনুযায়ী গত ৯ নভেম্বর হুবহু চূড়ান্ত ওয়ার্ড তালিকা গেজেটে প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সীমানা নির্ধারণ-সংক্রান্ত যে গেজেট প্রকাশিত হয়েছে, তাতে ২৪ নম্বর ওয়ার্ডের সঙ্গে লালমাইয়ের আংশিক এবং ২২ নম্বর ওয়ার্ডের সঙ্গে দক্ষিণ গোপীনাথপুরের আংশিক এলাকা যুক্ত করা হয়েছে। এ নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে ব্যাপারে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে ‘নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর সীমানা/চৌহদ্দী নির্ধারণ করে চূড়ান্ত ওয়ার্ডগুলোর তালিকা সংক্রান্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে যেভাবে পাঠানো হয়েছে হুবহু সেভাবেই গেজেটে প্রকাশিত হয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটেনি বিধায় পত্রিকায় প্রকাশিত সংবাদটি যথার্থ ও সঠিক নয়।’