প্রতিবেদন ছাড়াই শেষ হলো বিচার বিভাগীয় তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি তদন্তে দুই দফায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হলেও কোনোটিরই প্রতিবেদন পায়নি শিক্ষা মন্ত্রণালয়। কমিশন দায়িত্ব বুঝে নেওয়ার তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। কিন্তু গত ১৫ মাসেও তা হয়নি।এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে বিচার বিভাগীয় তদন্ত করতে আর আগ্রহী নয়।জানা যায়, যে দুজন বিচারপতির নেতৃত্বে দুই দফায় এই কমিশন গঠন করা হয়েছিল, তাঁরা আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন। এর ফলে তদন্ত কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘দুই দফায় তদন্ত কমিশন করেও প্রতিবেদন পাওয়া যায়নি। এ জন্য আপাতত আমরা নতুন করে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের চিন্তা করছি না। তবে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ উদ্যোগে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ কোনো কোনো বিশ্ববিদ্যালয় তদন্ত সম্পন্ন করেছে।’জানা যায়, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয়, উন্মুক্ত, রাজশাহী, টাঙ্গাইল মওলানা ভাসানী এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে তদন্তের উদ্যোগ নেয় বর্তমান সরকার। এ জন্য ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়। কিন্তু তিনি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় পরে হাইকোর্ট বিভাগের আরেক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়। এ কমিশন দায়িত্ব বুঝে নেয় ২০১০ সালের ১৪ জানুয়ারি। এক সদস্যের এ কমিশনের সাচিবিক দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক লুৎফে আলম ও উপসচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) ফেরদৌস জামান এবং সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আলী আকবরকে। পরে অবশ্য আলী আকবরের স্থলে উপ-রেজিস্ট্রার শেখ হাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।কথা ছিল, দায়িত্ব বুঝে নেওয়ার তিন মাসের মধ্যে তদন্তকাজ শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই অনুযায়ী নির্ধারিত সময় বেশ আগেই শেষ হয়েছে।সূত্র জানায়, কাজ করতে গিয়ে কমিশন সমস্যার সম্মুখীন হয়। কমিশনের জন্য সার্কিট হাউসে কক্ষ চাওয়া হলেও সরকারি আবাসিক পরিদপ্তর জায়গা খালি নেই জানিয়ে ২০১০ সালের ২৬ জানুয়ারি চিঠি দেয়। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তদন্ত থেমে যায়।তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। বাকি চারটির বিষয়ে অগ্রগতি নেই। এ অবস্থায় তদন্তকাজে সাচিবিক দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত জানুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বলেছে, যথাসময়ে তদন্ত প্রতিবেদন পেশের বিষয়ে তাদের কিছু করণীয় আছে বলে ইউজিসি মনে করে না।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়কে তদন্তের অবস্থা জানিয়ে দিয়েছে। তবে তদন্তটা হওয়া উচিত ছিল।