সংশোধনের জন্য উত্থাপিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া প্রতিবেদনটি উপস্থাপন করেন।আইনমন্ত্রী শফিক আহমেদ গত বুধবার বিলটি সংসদে উত্থাপন করলে তা যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি ওই রাতেই বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন চূড়ান্ত করে।কমিটি মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ বাতিল করে সরকার, বাদী ও দণ্ডিত ব্যক্তির আপিলের সুযোগ রেখে প্রতিবেদন চূড়ান্ত করেছে। মন্ত্রণালয়ের উত্থাপিত বিলে রায়ের বিরুদ্ধে যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখা হয়েছিল। কমিটির সুপারিশে আইনটি ২০০৯ সালের ১৪ জুলাই থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। বিলটি রোববার পাস হওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা: গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। নতুন প্রজন্মের এ আন্দোলন সফল হবে; যার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিরাপদ হবে।’ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় আরও অংশ নেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, এইচ এম আশিকুর রহমান, শেখ আবদুল ওহাব, এস কে আবু বাকের প্রমুখ। পরে সংসদের অধিবেশন রোববার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।মোমবাতি প্রজ্বালন: শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বানে গতকাল সন্ধ্যায় সংসদের দক্ষিণ প্লাজায় মোমবাতি জ্বালিয়ে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন সাংসদ ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী, জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।