প্রতিবেদন দাখিল ১২ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হকার উচ্ছেদের সময় অস্ত্রধারী ছাত্রলীগের দুই নেতা (বাঁয়ে) সাব্বির হোসেন ও আশিকুর রহমান। ফাইল ছবি।
হকার উচ্ছেদের সময় অস্ত্রধারী ছাত্রলীগের দুই নেতা (বাঁয়ে) সাব্বির হোসেন ও আশিকুর রহমান। ফাইল ছবি।

রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদকালে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার মামলায় আগামী ১২ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই আদেশ দেন।

এ মামলার আসামি ছাত্রলীগের দুই নেতা হলেন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান। তাঁরা জামিনে আছেন।

গত বছরের ১৭ নভেম্বর এই দুই নেতা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন নেন। বিষয়টি জানাজানি হলে গত ৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল ইসলাম দুই আসামির জামিন বাতিল করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানির সময় আসামিদের না পাওয়ায় আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের বহিষ্কৃত এই দুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন। মামলায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।