টাঙ্গাইলের সখীপুরের সংরক্ষিত বন পরিদর্শনে তিন সদস্যের কমিটি গঠন করে ১৪ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। টাঙ্গাইলের জেলা প্রশাসককে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য টাঙ্গাইলের পুলিশ সুপার ও সহকারী বন সংরক্ষক।
২০১১ সালের ৫ জুন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ সংরক্ষিত ওই বনাঞ্চলে ৫২টি অবৈধ করাতকল ও নির্বিচারে বন উজাড়ের বিষয়ে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনের আলোকে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এক আইনজীবী রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ জুন হাইকোর্ট রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। গতকাল আবেদনকারী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ বলেন, ওই বেন থাকা করাতকল মালিকের তালিকা, লাইসেন্স করা করাতকলের তালিকা ও নম্বর, বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে লাইসেন্স এবং লাইসেন্সবিহীন করাতকলের তালিকা ১৪ দিনের মধ্যে দাখিল করতে কমিটিকে নির্দেশ দিয়েছেন আদালত।