প্রতিবেদন দিতে শেষবার সময় পেল সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত শেষবারের মতো সময় দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ। গতকাল এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত শেষ করতে না পারায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খানের মাধ্যমে সময় চেয়ে আবেদন করে সিআইডি। আদালত শেষবারের মতো সময় আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান পরে প্রথম আলোকে বলেন, গত বছরের ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের আদেশ দেন। সিআইডি তদন্তকাজ শেষ করতে না পারায় নতুন করে সময় চাওয়া হয়েছে। আদালত ১২ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। শেষ বারের মতো সময় দেওয়া হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তার হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর। ১ জুন মঞ্জুরকে হাটহাজারীতে আটক করে পুলিশ। ওই দিন রাতে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ হত্যা মামলা করেন। ১৯৯৫ সালের ২৭ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।