প্রতিবেদন দিতে সময় চেয়েছেন এসপি ও ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬০ দিন সময় চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনের প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা পড়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ সুপার এবং ওসি সময় চাইলেও জেলা প্রশাসক প্রতিবেদন দিয়েছেন। এতে বলা হয়েছে, কান ধরে ওঠবস করার ঘটনা সত্য। এসব প্রতিবেদন আজ আদালতে দাখিল করা হবে।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনা ঘটে। পরে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন কী কী আইনগত পদক্ষেপ নিয়েছে, তা জানাতে বলেন আদালত। ওই নির্দেশ অনুসারে গত ২৯ মে স্থানীয় প্রশাসনের প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। ওই সময় হাইকোর্ট এসব প্রতিবেদন দায়সারা গোছের উল্লেখ করে ৮ জুনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।