প্রতিবেদন দিতে সময় নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর করা মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার আদালত ১৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গত ২৯ জানুয়ারি সাংসদ নিজাম হাজারী ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ফেনীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ফেনী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। ইকবাল সোবহান ইংরেজি দৈনিক দ্য অবজারভার-এর সম্পাদক। মামলায় পত্রিকাটির সাংবাদিক মামুনুর রশিদকেও অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, বাদী সাংসদ নিজাম উদ্দিন হাজারী স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাদীর সুনাম ক্ষুণ্ন ও জনগণের কাছে হেয়প্রতিপন্ন করতে তাঁকে নিয়ে দ্য অবজারভার পত্রিকায় ২৩ জানুয়ারি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়। এর শিরোনাম ছিল ‘মাদকসম্রাটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় পুলিশ’। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান, শামীম ওসমান, নিজাম হাজারী, এনামুল হক দেশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। আরজিতে আরও উল্লেখ করা হয়, ফেনীতে মাদক ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে দলীয় নেতা ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নিজাম হাজারী জড়িত বলে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। মিথ্যা প্রতিবেদনের কারণে বাদীর ১০ কোটি টাকার মানহানি হয়েছে।
আদালত সূত্র জানায়, ফেনী সদর থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী তদন্ত প্রতিবেদন দাখিলের আরও এক মাস সময় বাড়ানোর জন্য গতকাল আদালতে আবেদন করেন। ফেনীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তাওহিদুল হক ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় মঞ্জুর করেন।