প্রতিবেদন পাওয়ার পর ডেসটিনির ব্যাপারে কথা বলবেন অর্থমন্ত্রী
ডেসটিনির ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে কথা বলবেন বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, ‘কমিটি একবার বসেছিল। প্রতিবেদনে কী বেরিয়ে আসে, দেখা যাক। এখন কিছু বলা ঠিক হবে না।’যৌথমূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের (রেজসকো) নিবন্ধক আহমেদুর রহিমকে প্রধান করে ‘ডেসটিনি ২০০০ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবৈধ কর্মকাণ্ড’ শীর্ষক সাত সদস্যের কমিটি গঠিত হয় গত ১৩ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।প্রতিবেদন দাখিলের কোনো সময়সীমা দেওয়া হয়নি কমিটিকে।নিবন্ধক আহমেদুর রহিম প্রথম আলোর প্রশ্নের জবাবে জানান, কবে প্রতিবেদন শেষ হবে, তা তিনিও বলতে পারছেন না।তবে কমিটির একজন সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, ‘শুধু এটুকু বলতে পারি যে এটি একটি “দায়সারা” কাজ হচ্ছে।’এদিকে, ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন বলে জানা গেছে।বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, তদন্তে প্রভাব পড়তে পারে—এ আশঙ্কায় তাঁকে সচিবালয়ে এসে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি।