খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অনুসন্ধানে তদন্ত দল আজ কুড়িগ্রাম যাচ্ছে। তিন সদস্যের দলটি ইতিমধ্যে প্রশ্নমালা তৈরি ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট বেশির ভাগ পক্ষের সঙ্গে কথা বলেছে। কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটায় সেখানকার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তদন্ত দলটি কথা বলবে বলে জানা গেছে। গত ২৭ জানুয়ারি নেওয়া ওই নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে কি না, সে সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নেওয়া হবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। সহকারী খাদ্য উপপরিদর্শকের ৪২৮টি পদের বিপরীতে দুই লাখ ১৮ হাজার এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫০৩টি পদের বিপরীতে ৩০ হাজার প্রার্থী ওই লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নিয়োগ পরীক্ষার আগের দিন, অর্থাৎ ২৬ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এদিকে গত মঙ্গলবারের মধ্যে তদন্ত দলটি প্রতিবেদন জমা দেবে বলে খাদ্য বিভাগ থেকে বলা হয়েছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও অধিক লোকের সঙ্গে কথা বলার প্রয়োজন হওয়ায় সময় বাড়ানো হয়।কুড়িগ্রাম থেকে ফেরার পর তদন্ত কমিটি প্রশ্নপত্র ছাপানোর সঙ্গে যুক্ত ইসলামিক ফাউন্ডেশনের ছাপাখানা কর্তৃৃপক্ষের সঙ্গে কথা বলবে বলে কমিটি সূত্রে জানা গেছে। এরপর আগামী সপ্তাহের শুরুতেই প্রতিবেদনটি খাদ্য বিভাগের কাছে জমা দেওয়া সম্ভব হবে বলে সূত্র জানায়। খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র গতকাল শনিবার ফুঠোফোনে এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, যে যে স্থান থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং প্রশ্ন তৈরি-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে কথা বলে একটি সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফলে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ওই প্রতিবেদন হাতে পাওয়ার পর নিয়োগ পরীক্ষাটি আবারও নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত দল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তদন্ত দল ইতিমধ্যে প্রশ্ন তৈরি ও পরীক্ষাকেন্দ্রে বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তা, প্রশ্ন তৈরির সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলেছে। তদন্ত কমিটির আহ্বায়ক খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার গতকাল প্রথম আলোকে বলেন, সরকারি ছুটির দিনেও তদন্ত কমিটি কাজ করছে। আজ কুড়িগ্রামে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। ঢাকায় ফিরে সব তথ্য পর্যালোচনা শেষে সুপারিশসহ প্রতিবেদনটি আগামী সপ্তাহের মধ্যে জমা দেওয়া সম্ভব হতে পারে বলে তিনি জানান। তদন্ত দল যে প্রশ্নমালার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর ফাঁস হওয়া প্রশ্ন মিলিয়ে দেখেছে। প্রাথমিকভাবে গোলাপ সেটের প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল খুঁজে পাওয়া গেছে। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন: খাদ্য বিভাগের উপসচিব আতাউর রহমান ও খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) বদরুল হাসান। খাদ্য বিভাগ থেকে ২৭ জানুয়ারি এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।