প্রতিবেদনেই সম্পন্ন তিন সড়কের উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অন্যতম ব্যবসাকেন্দ্র চাক্তাই। এই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি হাজি মকবুল আলী সওদাগর সড়ক। এর উন্নয়নকাজ শুরু হয়েছে গত ১৭ জানুয়ারি। শেষ হয়েছে ১৭ এপ্রিল। এতে ব্যয় হয়েছে ৩৫ লাখ টাকা। এ তথ্য উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১২-১৩ অর্থবছরের প্রতিবেদনে।
একই প্রতিবেদনে চাক্তাইয়ের সোবাহান সওদাগর সড়ক ও চাউলপট্টি সড়কের উন্নয়নকাজ শেষ হয়েছে বলে দেখানো হয়েছে। এতে ব্যয় হয়েছে যথাক্রমে ২৬ লাখ ও ১৮ লাখ টাকা। রাজাখালী সড়কের নালা সংস্কারে ব্যয় হয়েছে ১৬ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, এসব সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে ১৭ জানুয়ারি আর শেষ হয়েছে ১৭ এপ্রিল।
সরেজমিনে ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে প্রতিবেদনের উল্টো চিত্র। এখন পর্যন্ত কোনো সড়কের সংস্কারকাজ পুরোপুরি শেষ হয়নি। প্রতিবেদনে কোটি টাকার কাজ সম্পন্ন হলেও বাস্তবে এর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় এক হাজার ২০০ ব্যবসায়ী ও জনগণ। এই তিন সড়ক দিয়ে প্রায় অর্ধলক্ষাধিক লোক নিয়মিত যাতায়াত করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, ‘গত অর্থবছরে এসব সড়কের উন্নয়নে কার্যাদেশ দেওয়া হয়েছে। তাই ওই বছরে কাজ সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সব কটি সড়কের অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে।’
আগামী ডিসেম্বরের মধ্যে উন্নয়নকাজ পুরোপুরি শেষ হবে বলে জানান আনোয়ার হোছাইন। গত রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, তিন সড়কের কোথাও কার্পেটিংয়ের চিহ্ন নেই। আছে খানাখন্দ। কোথাও কোথাও গর্তের দেখা মেলে। উঁচু নালার কারণে রাস্তায় পানি জমেছে। কাদায় একাকার সড়কগুলো।
হাজি মকবুল আলী সওদাগর সড়কের ব্যবসায়ী এস এম হারুন রশীদ সওদাগর প্রথম আলোকে বলেন, নালার ত্রুটিপূর্ণ কাজ করে রাস্তাটিই নষ্ট করা হয়েছে। এরপর নামকাওয়াস্তে সংস্কার করা হয়েছে। বারবার তাগাদা দেওয়ার পরও সংস্কারকাজ সম্পন্ন করেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। এলাকার জ্যেষ্ঠ এই ব্যবসায়ী এ জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের অদূরদর্শিতাকে দায়ী করেন।
সড়কের উন্নয়ন প্রসঙ্গে জানতে চাইলে মনসা স্টোরের স্বত্বাধিকারী ওমর আজম বলেন, ‘উন্নয়নের বিষয়টি পুরো বোগাস। গুরুত্বপূর্ণ এই সড়কের কোনো সংস্কার করা হয়নি। সড়কের দুরবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।’
সাবেক কমিশনার মো. জামাল হোসেন বলেন, ‘তিন বছর আগে এসব সড়ক সংস্কার করা হয়েছিল। অপরিকল্পিতভাবে নালা নির্মাণের কারণে সব কটি সড়ক নষ্ট হয়ে গেছে। যার ফলে ভোগান্তি বেড়েছে।’