প্রতিবেদনের পর্যালোচনা এখনো চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো পদ্মা সেতুর অনিয়মের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের খসড়া প্রতিবেদন পর্যালোচনা করছে বলে জানালেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সন্ধ্যায় অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান। তবে অন্য কোনো প্রশ্নের জবাব তিনি দেননি।দুপুরে অর্থমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘দুদকের সঙ্গে কথা বলে বিবৃতি দেব।’ আর এ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘এখন কোনো প্রশ্নের জবাব দেব না।’ গত শনিবার বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান অ্যালেন গোল্ডস্টেইন এক বিবৃতিতে বলেন, ‘পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত না হলে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করবে না।’দুদকে ডেসটিনি: গতকাল বিকেল পৌনে পাঁচটায় বহুস্তরবিশিষ্ট (এমএলএম) বিপণন কোম্পানি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে রিমান্ডে এনেছে দুদক। দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামসহ ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল তাঁদের জিজ্ঞাসাবাদ করেন রাত সাড়ে নয়টা পর্যন্ত।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলোকে জানায়, জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তারা জানতে চেয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ১১ লাখ ৯৭ হাজার ৩১৬টি শেয়ার সার্টিফিকেট দেওয়ার কথা থাকলেও মাত্র ১৩ হাজার ৬৫টি শেয়ার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। অবশিষ্ট ১১ লাখ ৭১ হাজার ১৮৬টি শেয়ারের অর্থ কোথায় রাখা হয়েছে।