গতকাল ৩ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘জাল দলিলে জমি কেনাবেচা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে নাসা গ্রুপ। গ্রুপের উপদেষ্টা সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনা, এ আর এ জুট ট্রেডিং করপোরেশনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০২ সালে নির্দেশনা দেন যে জমিটি বন্ধকদাতা এ আর এ জুট ট্রেডিং করপোরেশন প্রাইভেট সেল করতে পারবে।
এ আর এ জুটের মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক ২০০৪ সালে রাগীব আলীকে জমিটি হস্তান্তর করতে অনুমোদন দেয়। অনুমোদন পেয়ে তাঁরা রাগীব আলীর কাছে জমিটি বিক্রি করেন। এরপর রাগীব আলী ‘সাফ-বিক্রয় চুক্তিনামা দলিল’ সম্পাদনের মাধ্যমে নজরুল ইসলাম মজুমদারকে হস্তান্তর করেন, যা বর্তমানে তাঁর ভোগদখলরত অবস্থায় রয়েছে।
জমিটির কেনাবেচা যথাযথ আইন অনুযায়ী হয়েছে এবং এখানে কোনো জাল-জালিয়াতির চিহ্ন নেই। ছবি ছাপিয়ে মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের মাধ্যমে নজরুল ইসলাম মজুমদারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন প্রতিবেদক। এতে তাঁর সম্মানহানির কারণ হয়েছে। প্রতিবেদক কোথায় জাল দলিল পেয়েছেন, তা বোধগম্য নয়।
প্রতিবেদকের বক্তব্য: জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও পুনঃশুনানিতে (রিভিউ) রাগীব আলীর দলিল বাতিল হয়েছে। আর জজকোর্ট ও হাইকোর্টে বাতিল হওয়ার পরই নজরুল ইসলাম মজুমদার জমি কিনেছেন। মামলা চলমান থাকলে জমি কেনাবেচা হয় না। রাগীব আলী যে মামলার কথা গোপন করেছেন, প্রকাশিত প্রতিবেদনে জনাব মজুমদারের বক্তব্যেই তা উল্লেখ রয়েছে।
গত ২৩ ডিসেম্বর অগ্রণী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক ও মহাব্যবস্থাপক মোবারক হোসেনের যৌথ স্বাক্ষরিত এক স্মারকে ১৭ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ সাপেক্ষে এ আর এ জুটের ঋণ সমন্বয়ের কথা বলা হয়েছে। কিন্তু এ আর এ জুটকে তা না জানিয়েই ব্যাংক টাকা নিয়েছে নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে। অথচ তিনি গ্রাহক বা ব্যাংক কারও সঙ্গেই সম্পর্কিত নন। এ-সংক্রান্ত সব নথি প্রতিবেদকের কাছে রয়েছে।
আরও পড়ুন :