প্রতিবেদনের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত ‘গতিহারা চার লেন’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ। গতকাল পাঠানো ব্যাখ্যায় বলা হয়, এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। বর্তমান সরকারের আমলেই শেষ করার সব উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থসংকটের কারণে প্রকল্পের কাজ এগোচ্ছে না—এটি সঠিক নয়। বর্ষা মৌসুমে মাটির কাজ একটু কম হয়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্মাণসামগ্রী সংগ্রহ ও সেতু-কালভার্টের কাজ করে থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লোকবল প্রকল্প এলাকায় কাজ করছে। সরকার এই অর্থবছরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করেছে। প্রতিবেদকের বক্তব্য: শুরুতে নেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী, গত এপ্রিলের মধ্যে প্রকল্পের ৭১ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু হয়েছে মাত্র ১৭ শতাংশ। কাজের ধীরগতির কথাই প্রতিবেদনে বলা হয়েছে। সরেজমিনে পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, এখনো পর্যন্ত কাজ মাটি ফেলা ও কালভার্ট নির্মাণে সীমাবদ্ধ। পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে মাটি কাটার কাজ গত ফেব্রুয়ারি থেকে বন্ধ। কালভার্টের কাজও প্রায় বন্ধ। ঠিকাদারেরা জানিয়েছে, ১০৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এ জন্য অনেক কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরাও সেটি নিশ্চিত করেছে।