প্রতিবেশী তিন ভাইকে গুডস হিলে নির্যাতন করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ৩৫তম সাক্ষী কামালউদ্দিন ও ৩৬তম সাক্ষী এজাবউদ্দিন মিয়া। কামালউদ্দিন জবানবন্দিতে বলেছেন, একাত্তরে তাঁর প্রতিবেশী তিন ভাইকে ‘গুডস হিলে’ নিয়ে নির্যাতন করা হয়েছিল।

বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল কামালউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।

জবানবন্দিতে কামালউদ্দিন বলেন, তাঁর ঠিকানা চট্টগ্রামের হাটহাজারী থানার পূর্ব শিকারপুরের রশিদবাড়ি। একাত্তরের ২৭ জুলাই তিনি খবর পান, তাঁদের প্রতিবেশী মাহবুব আলমের দুই ভাই নূর আলম ও নূর মোহাম্মদকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গেছে। পরদিন বিকেলে নূর আলম ও নূর মোহাম্মদ বাড়ি ফিরে আসেন। খবর পেয়ে তিনি তাঁদের বাড়ি গিয়ে জানতে পারেন, আগের রাতে স্থানীয় ফকির মোহাম্মদ তালুকদারের বাড়ির ইউসুফের সহায়তায় পাকিস্তানি সেনারা মাহবুবকে ধরতে তাঁদের বাড়ি যায়। কিন্তু মাহবুবকে না পেয়ে তাঁর দুই ভাইকে ধরে গুডস হিলে (সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি) নিয়ে যায়। পরে গুডস হিল থেকে দুই ভাইকে তাঁদের চাক্তাইয়ের চা-পাতার দোকানে নিয়ে যায় এবং সেখানে মাহবুবকে ধরে তিনজনকেই আবার গুডস হিলে নেওয়া হয়। সেখানে তাঁদের ওপর চলে অত্যাচার-নির্যাতন, মাহবুবের ওপর বেশি নির্যাতন চালানো হয়। পরে নূর মোহাম্মদ ও নূর আলমকে গুডস হিল থেকে ছেড়ে দেওয়া হয়, মাহবুবকে ছাড়া হয়নি। ওই দুই ভাইয়ের ধারণা, মাহবুবকে গুডস হিলে হত্যা করা হয়েছে।

জবানবন্দি শেষে কামালউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। এরপর জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের ৩৬তম সাক্ষী মো. এজাবউদ্দিন মিয়া। জব্দ তালিকার এই সাক্ষী বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক। তিনি একাত্তরের বিভিন্ন পত্রিকার কাটিং প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে তাঁকে জেরা করেন আহসানুল হক।

রাষ্ট্রপক্ষ জানায়, এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।