মিয়ানমার কিংবা বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এমন কোনো দেশে গোলযোগ কিংবা অস্থিতিশীলতা প্রত্যাশা করে না চীন। বরং যেকোনো দেশে শান্তি ও উন্নয়ন দেখতে চায় তারা।গতকাল রোববার ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াং ঝাওহুই এ মন্তব্য করেন। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের হুয়ানজিয়ান দ্বীপের মালিকানা নিয়ে ফিলিপাইনের সঙ্গে বিরোধের বিষয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন তিনি।মিয়ানমারের আরাকান রাজ্যে ধর্মীয় সংঘাতের পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের বাংলাদেশের আশ্রয় গ্রহণের বিষয়ে জানতে চাইলে ইয়াং ঝাওহুই বলেন, ‘আমরা প্রতিবেশী কোনো দেশে গোলযোগ কিংবা অস্থিতিশীলতা দেখতে চাই না। শান্তি ও উন্নয়ন দেখার প্রত্যাশী।’রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ রোধ করতে সরকার সীমান্ত বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে চীনা এই কূটনীতিক বলেন, এটি বাংলাদেশ সরকারের নিজস্ব সিদ্ধান্ত। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে।