প্রতিবেশী দেশের ইচ্ছায় যুদ্ধাপরাধ বিচারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী একটি বড় দেশের ইচ্ছা পূরণের জন্য সরকার যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। দলটির দাবি, তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের জন্য কালো আইন প্রতিবেশী দেশের ইচ্ছাতেই তৈরি করা হয়েছে।গতকাল শনিবার দুপুরে দলের বড় মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এসব অভিযোগ ও দাবি করেন। আজহারুল ইসলাম বলেন, ৫ এপ্রিল এক আদেশে নিজামী ও মুজাহিদকে কেন্দ্রীয় কারাগারে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। এক সপ্তাহের ব্যবধানে সরকার তাঁদের ধানমন্ডির একটি বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদের আয়োজন করে। সরকার এটাকে সেফ হোম বললেও আসলে এটি হবে টর্চার হোম। এই দুই নেতাকে ধানমন্ডির একটি বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদের খবরে তাঁদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আজহারুল ইসলাম অভিযোগ করেন, ‘সরকার জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বাড়িটির নাম সেফ হোম দিলেও এটি আসলে বিরোধী দলের নেতাদের নির্যাতনের কেন্দ্র। এ ছাড়া বাড়িটি সরকারি দলের প্রভাবাধীন এলাকায় অবস্থিত। এ অবস্থায় আমরা দুই নেতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা তাঁদের জীবনহানির আশঙ্কা করছি।’ নিজামী ও মুজাহিদের রিমান্ড বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবিতে দলটি ১৮ এপ্রিল সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন আজহারুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি হামিদুর রহমান আযাদ প্রমুখ।