প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, বাণিজ্য, নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ানো প্রয়োজন। সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো বৈশ্বিক সমস্যা মোকাবিলায়ও প্রতিবেশীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়নের জন্যও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলে মত দিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলনকক্ষে এ সেমিনার হয়। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সেন্টার ফর এশিয়ান স্টাডিজের উদ্যোগে ‘ইন্ডিয়ানস নেইবারহুড পলিসি’ শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের নয়াদিল্লির ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের রিসার্চ ফেলো শ্রুতি এস পাত্তানায়েক। আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে নিরাপত্তা ও কৌশলগত নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এটি।
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ভারত বাংলাদেশের পরম বন্ধুরাষ্ট্র। ভবিষ্যতেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মূল প্রবন্ধে শ্রুতি এস পাত্তানায়েক বাংলাদেশ, চীন, মিয়ানমারসহ অন্যান্য রাষ্ট্রের প্রতি ভারত যে নীতি অনুসরণ করে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর এশিয়ান স্টাডিজের নির্বাহী পরিচালক ভূঁইয়া মো. মনোয়ার কবীরের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন অর্থনীতি বিভাগের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম, রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদা খানম, অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।