প্রতিবেশীদের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের লক্ষ্যে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। সমুদ্রের তলদেশের সম্পদ আহরণে বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করতে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীতে ‘ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত দেন। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। প্রারম্ভিক বক্তৃতা করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য দিলীপ কুমার দাস।
প্রসঙ্গত, সালিস আদালতে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হওয়ায় সাগরের বুকে প্রায় এক লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার এলাকায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এরপর সামুদ্রিক সম্পদ আহরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশ্বজুড়ে এখন ব্লু ইকোনমি তথা সামুদ্রিক সম্পদের মাধ্যমে উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
খুরশেদ আলম তাঁর প্রবন্ধের শুরুতে দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধের সালিস নিষ্পত্তির প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর সমুদ্রে বাংলাদেশের সার্বভৌম অধিকার নিশ্চিত শেষে কীভাবে এগিয়ে যাওয়া উচিত, সে সম্পর্কে সংক্ষিপ্ত একটি চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘যে দেশ সমুদ্রকে যত বেশি ব্যবহার করতে পেরেছে, সে দেশ তার অর্থনীতিকে তত বেশি এগিয়ে নিয়ে গেছে। তাই সমুদ্র নিয়ে পুরোনো দৃষ্টিভঙ্গি পাল্টে আমাদের পুরোপুরি সমুদ্রমাত্রিক হতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এমন সুযোগ আগে কখনো হয়নি। তিনি সমুদ্রসম্পদের মজুত আহরণের জন্য গবেষণা ও সমীক্ষার পাশাপাশি বিনিয়োগ জরুরি বলে মত দেন। এ ক্ষেত্রে বেসরকারি খাত সহায়ক ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি ও প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, গভীর সমুদ্রের সম্পদ নিয়ে সমীক্ষা ও গবেষণার জন্য জরিপ জাহাজ সংগ্রহ করতে হবে। তেল-গ্যাসের ব্লকের নকশা পুনর্নির্ধারিত করতে হবে।
নির্ধারিত আলোচক বেসরকারি খাতের উদ্যোক্তাদের গবেষণা সংস্থা বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, ব্লু ইকোনমির সর্বোচ্চ সদ্ব্যবহারের লক্ষ্যে তথ্য সুসমন্বয় এবং সমন্বিত উপায়ে সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও বিভিন্ন বিষয়ে সমীক্ষা চালাতে হবে। মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বলেন, ‘সামুদ্রিক সম্পদ আহরণে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর ওপর নজর দেওয়া উচিত। ভারত ও মিয়ানমারের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করা উচিত। প্রতিবেশীদের সহায়তা ছাড়া আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’
শীর্ষ বণিক সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, পানির নিচের সম্পদ আহরণের ক্ষেত্রে বেসরকারি খাত এগিয়ে আসতে পারে। এ জন্য সরকারকে ব্যাংকসুবিধাসহ অন্যান্য সুযোগের বিষয়টি দেখতে হবে। নৌপরিবহনসচিব মঞ্জুরুল ইসলাম বলেন, ব্লু ইকোনমির সুফল পেতে হলে দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা করতে হবে। মুক্ত আলোচনায় অংশ নেন প্রাইভেটাইজেশন কমিশনের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া, দ্য ডেইলি স্টার-এর সহযোগী সম্পাদক শাহ হোসেন ইমাম ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক।