নেত্রকোনার খালিয়াজুরীতে প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ওই রাতেই চারজনকে আটক করেছে।
নিহত গৃহবধূর নাম শ্যামা বেগম (৫০)। তিনি উপজেলার লেপসিয়া বাজার লঞ্চঘাট এলাকার মৃত জালো মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিবেশী বাবুল মিয়া ও তাঁর স্ত্রী ইছমত আরা বেগমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুজনই ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের দিকে তেড়ে যান। তাঁদের নিরস্ত করার চেষ্টা করেন শ্যামা বেগম। এ সময় তাঁর মাথায় ও গায়ে দায়ের কোপ লাগে। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন ইছমত আরা বেগম, তাঁর স্বামী বাবুল মিয়া, ভাই আনোয়ার হোসেন ও বাবা মঞ্জু আলী।