প্রতিবেশীর মারধরে আহত শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রতিবেশী এক ব্যক্তির মারধরে গুরুতর আহত মো. ফরহাদ (৮) মারা গেছে। গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরহাদের বাবার নাম মো. নজরুল ইসলাম। তাঁদের বাড়ি উপজেলার জুগলী ইউনিয়নের সাংড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সাংড়া গ্রামে ফরহাদ ও তার সমবয়সী জুনায়েত খেলা করছিল। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। জুনায়েত বিষয়টি তার বাবা মাসুদ মিয়াকে জানায়। তিনি তখন উত্তেজিত হয়ে কাঠের লাঠি দিয়ে ফরহাদকে বেধড়ক পিটুনি দেন। এতে ফরহাদের মাথায় আঘাত লাগে। তাকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ মারা যায়।
এদিকে ফরহাদকে মারধরের পর স্থানীয় লোকজন মাসুদ মিয়াকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার ফরহাদের মা ফরিদা বেগম মাসুদ মিয়াকে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, মারধরের পর ছেলেটির মা মামলা করেছিলেন। এটি এখন হত্যা মামলায় পরিণত হবে। মাসুদ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।