প্রতিবেশীর মৃত্যুতে সান্ত্বনা দিতে গেলেন প্রধানমন্ত্রী
প্রতিবেশী পরিবারের এক সদস্যের মৃত্যুতে সান্ত্বনা দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার ওই বাড়িতে গিয়ে এক ঘণ্টা সময় কাটান তিনি। খবর বাসসের।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশের ওই প্রতিবেশীর নাম জমিলা আসিফুন হক (৪০)। তিনি গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। শ্যামলী এলাকায় একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, জমিলার পরিবারের সদস্যরা তাঁদের মনে রাখার এবং বাসভবনে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সঙ্গে ছিলেন।
স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত দারজাবাবডাজ কুয়েত। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অব্যবহৃত সম্ভাবনাময় খাতগুলো কাজে লাগাতে দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে তিনি তদানীন্তন যুগোস্লাভিয়ার অবিভক্ত অংশ হিসেবে স্লোভেনিয়ার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।