প্রতিবেশীর রাস্তা কেটে ফেলেছেন পরাজিত প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে ভোট না দেওয়ায় এক প্রতিবেশীর বাড়ির রাস্তা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ওয়াছেকপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী সাহাব উল্লা ১৫-২০ জনের একটি দল নিয়ে প্রতিবেশী আলীমুদ্দী সর্দারের বাড়ির প্রবেশপথের রাস্তা কাটা শুরু করেন। এ সময় ওই বাড়ির লোকজন তাতে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচ-ছয়জন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।আলীমুদ্দী সর্দারবাড়ির আবদুল বারিক (৭০) অভিযোগ করেন, ‘নির্বাচনে আমাদের বাড়ির লোকজন তাঁর (সাহাব উল্লা) পক্ষে কাজ না করার অজুহাতে তিনি রাস্তার জায়গা নিজের দাবি করে কেটে ফেলেছেন।’জানতে চাইলে সাহাব উল্লা প্রথম আলোকে বলেন, ‘আলীমুদ্দী সর্দারবাড়ির লোকজন আমাদের অগোচরে জমি দখল করে ওই রাস্তা নির্মাণ করেছে। বিষয়টি জানার পর লোকজন নিয়ে আমি আমাদের জমির অংশ কেটে ফেলেছি। তবে এর সঙ্গে আমাকে ভোট না দেওয়ার কোনো সম্পর্ক নেই।’সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আলীমুদ্দী সর্দারবাড়ির লোকেরা লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।