প্রতিবেশীর শিশুকে হত্যা?
ঢাকার সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লা থেকে গত সোমবার রাতে সান্ত্বনা (৭) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাছিমা বেগম (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সান্ত্বনা মজিদপুর এলাকার সিরাজ উদ্দিনের মেয়ে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাত নয়টার দিকে নাছিমা বস্তা হাতে নিয়ে মজিদপুর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে জনতা তাঁর পথ রোধ করে বস্তায় কী আছে, তা জানতে চায়। নাছিমা অসংগতিপূর্ণ কথা বলায় জনতা বস্তা খুলে এক কন্যাশিশুর লাশ দেখতে পান। এরপর তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
নাছিমা বলেন, তাঁর স্বামী হাবিবুর রহমানের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি মজিদপুরে একাই একটি কক্ষ ভাড়া করে বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁকে ফাঁসানোর জন্য তাঁর স্বামী সান্ত্বনাকে হত্যার পর লাশ বস্তায় ভরে তাঁর কক্ষের সামনে রেখে যেতে পারেন।
আল আমিন নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের সন্দেহ হওয়ায় বস্তা খুলে দেখি লাশ। একপর্যায়ে নাছিমা স্বীকার করেন, তিনিই সান্ত্বনাকে খুন করেছেন।’
সান্ত্বনার বাবা সিরাজ উদ্দিন বলেন, ঘটনার দিন বিকেলে তাঁর মেয়ে বাড়ির পাশে মাঠে খেলছিল। তবে চারটার পর তাকে পাওয়া যাচ্ছিল না। নাছিমা আটক হওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় নাছিমার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
সাভার মডেল থানার পুলিশ জানায়, মামলার পর সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার নাছিমাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। আদালত থেকে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাসেম আলী বলেন, গত বছর ৯ মে মজিদপুরের পাশের এলাকা ইমান্দিপুরের শামীম মল্লিকের পাঁচ বছরের ছেলে নাজমুল হাসানকে হত্যার পর লাশ বস্তায় ভরে রেখেছিলেন নাছিমার ননদ নূর সলিমা। ওই ঘটনায় নাছিমা ও তাঁর স্বামী হাবিবুর রহমানকেও সন্দেহ করা হয়েছিল। কিন্তু নূর সলিমা আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি নিজেই নাজমুলকে হত্যার কথা স্বীকার করায় স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।