পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী
প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখেই অর্থনৈতিক উন্নতি করতে চাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে উন্নত হয়, তবে এ দেশ দরিদ্র থাকবে না; বাংলাদেশকে নিয়ে কেউ খেলতে পারবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে অর্থনৈতিকভাবে দেশের উন্নতি করার চেষ্টা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেছেন। এক দশকেরও বেশি সময় পর তিনি গতকাল মন্ত্রণালয়ে যান। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ২০০১ সালের ৭ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকতেই পারে। তবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ, দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগের কারণে অতীতে বাংলাদেশের যে ভাবমূর্তি ছিল, এখন তা নেই। আর্থসামাজিক অগ্রগতিসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক ভাবমূর্তি এখন যথেষ্ট উজ্জ্বল হয়েছে। কূটনীতিকদের দেশের এ ভাবমূর্তি যথাযথভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তুলে ধরতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের কিছু দাবি সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের দাবি-দাওয়া মেটানোর উদ্যোগ নেওয়া হবে। তবে প্রবাসী বাংলাদেশিরা যেন কোনো সমস্যার মুখোমুখি না হন, তাঁদের সুযোগ-সুবিধার দিকগুলোও আপনারা দেখবেন বলে আশা করছি। বিদেশে আপনাদের যে বেতন-ভাতা দেওয়া হয়, তা ওই শ্রমিকদের কষ্টার্জিত আয় থেকে দেওয়া হয়। কাজেই প্রবাসে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের সমস্যাগুলো ভালোভাবে দেখতে হবে। তাদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির সালিসি মামলায় বিজয়কে একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। এ প্রক্রিয়ার সঙ্গে দেশে ও বিদেশে যেসব কূটনীতিক কাজ করেছেন তিনি তাঁদের সবাইকে ধন্যবাদ জানান।পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর শেষবারের উপস্থিতির স্মৃতিচারণা করে শেখ হাসিনা বলেন, ‘এর আগের বার একটি জারুল গাছ লাগিয়েছিলাম, সেটি এখন অনেক বড় হয়েছে। আজ বকুল ফুলের একটি গাছ লাগিয়ে গেলাম।’পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর স্বাগত বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন আমাদের জন্য একটি বহুল প্রতীক্ষিত দিন।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেন, অন্যান্য মন্ত্রণালয়ের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক কোনো ভূমিকা নেই। এটি অনেকটাই সমন্বয়ের, যেখানে প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা সব কিছুতেই থাকে।অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রাচার প্রধান খন্দকার মোহাম্মদ তালহা।