প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের মধ্যকার বিদ্যমান সুসম্পর্কের উত্তরণ ঘটিয়ে পারস্পরিক উন্নয়ন সাধন করতে পারে। একই সঙ্গে যোগাযোগের উন্নয়ন তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে।
বাংলাদেশ সফররত ভারতীয় লোকসভার সদস্য এবং সে দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি গতকাল শনিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তির জন্য এই অঞ্চলের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিট বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের ব্যবস্থা সারা পৃথিবীতেই চালু রয়েছে। ইউরোপজুড়ে এক দেশের সীমান্ত অতিক্রম করে অন্য দেশে পণ্য সরবরাহ করা হয়, তাই বলে কারও সার্বভৌমত্বই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না।
বাংলাদেশ-ভারত সীমান্তে ‘সীমান্ত হাট’ স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এই হাট প্রতিষ্ঠার উদ্যোগের ফলে দুই দেশের চোরাচালান অনেকাংশে কমেছে।
বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) মোটরযান চলাচল চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই চুক্তির ফলে এই অঞ্চলের পারস্পরিকভাবে নির্ভরশীল চারটি দেশই বিভিন্নভাবে লাভবান হবে।
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ: নিজস্ব প্রতিবেদক জানান, অভিজিৎ মুখার্জি গতকাল জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তাঁরা নারী নেতৃত্বের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সীমান্ত হাট চালু, সীমান্ত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
অভিজিৎ মুখার্জি স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ করতে বেলা ১১টার দিকে সংসদ ভবনে তাঁর কার্যালয়ে যান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, হুইপ ইকবালুর রহিম ও সাংসদ মাহজাবিন খালেদ সেখানে উপস্থিত ছিলেন।