প্রতিবেশীরা ভেবেছেন...
বাড়িতে তালা ঝুলিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বাবলু অধিকারী ওরফে কানুর পরিবার। প্রতিবেশীরা ভেবেছেন কানু পরিবার নিয়ে ভারতে চলে গেছেন, তাই প্রকাশ্যে তাঁর বাড়ির সব মালামাল লুট করে নেন তাঁরা। খুলে নেওয়া হয় ঘরের টিন। ঝিনাইদহ সদর উপজেলার বিষখালী বাজারে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।কানুর প্রতিবেশী রাম গোপাল শর্মা আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কানু তাঁকে বলে যান, তাঁর এক অসুস্থ আত্মীয়কে দেখতে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি বাগেরহাট যাচ্ছেন। দু-একদিনের মধ্যে চলে আসবেন। কিন্তু দুপুর একটার দিকে বেশ কয়েকজন লোক এসে তাঁর ঘরের তালা ভেঙে মালামাল নিতে থাকে।পাশের বাড়ির আলাউদ্দিন জানান, লুটেরারা তাঁর চোখের সামনে নলকূপ, ঘরের টিন, টেলিভিশন, কাঁথা-বালিশ নিয়ে যায়। বাধা দিতে গেলে বলেন, তাঁরা টাকা পাবেন। আলাউদ্দিন জানান, অসিত কুমার, রায়হান উদ্দিন, ইউনুচ আলী, শাহিন হোসেন, তাহাজ্জেল হোসেনসহ অনেকেই পাওনাদার সেজে এই লুটপাটে অংশ নেন। এ ব্যাপারে ইউনুচ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যাঁরা টাকা পাবেন তাঁরা কালুর ভারতে পালিয়ে যাওয়ার খবর পেয়ে মালামাল নিয়েছেন। তিনি কোনো মালামাল নেননি। অপর একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি টাকা পাবেন তাই নিয়েছেন। কানু অধিকারী জানান, যারা লুট করেছে, তারা সবাই পাওনাদার নয়।এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সগির মিয়া জানান, তাঁরা এখনো কোনো অভিযোগ পাননি। তবে লোক মাধ্যমে জানার পর বিষয়টি একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।