প্রতিভা দেখাল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল আয়োজিত আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
কুষ্টিয়া শহরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল আয়োজিত আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার তিনটি জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হলো রাঙামাটি, রংপুর ও কুষ্টিয়া। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিন জেলার ৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা দেখাল। রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক এবং কুষ্টিয়া ও রাঙামাটি অফিসের পাঠানো বিস্তারিত খবর:
রংপুর: শহরের ধাপ এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতা শুরু হয় সকাল নয়টায়। অংশ নেয় ১৬টি স্কুলের ১৪২ শিক্ষার্থী। মেধা যাচাইয়ে চ্যাম্পিয়ন হয় দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুল থেকে অংশ নেওয়া নয়জন প্রতিযোগীর মধ্যে রেদওয়ান এলাহী, অরবিট অরিয়ন, আবিদ সাইফুল্লাহ, সপ্তর্ষি বিভা ও আকিফ মাহমুদ নামে পাঁচ শিক্ষার্থী আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। বিচারক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডল ও প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।
কুষ্টিয়া: শহরের রাজারহাট এলাকায় আলো কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতা শুরু হয় সকাল আটটায়। অনুষ্ঠানে ছয় উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১২ জন শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষা, গেম জোন ও দলীয় উপস্থাপনায় অংশ নেয়। এতে দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সেরা স্কুল নির্বাচিত হয়। একই স্কুলের সেরা পাঁচ বিজয়ী হলো নুসরাত ইমরোজ, আকাশলীনা নহলি, তাসমিয়া তাবাসসুম, আনিকা হোসেন ও সাদিয়া ফারজানা। চ্যাম্পিয়ন দলের হাতে ইয়েস কার্ড তুলে দেন অনুষ্ঠানের বিচারক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তারেক হাসান আল মাহমুদ।
রাঙামাটি: শহরের রাজবাড়ী সড়কের একটি রেস্তোরাঁয় বসে আই-জেনের আসর। জেলার নয়টি বিদ্যালয়ের ৮০ জন ছাত্রছাত্রী উৎসবে যোগ দেয়। দিনভর অনুষ্ঠানে এমসিকিউ, গেম জোন ও দলীয় উপস্থাপনার মাধ্যমে দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে অংশ নেওয়া ১০ জনের মধ্যে মানুচিং মারমা, এথিনা চাকমা, মণিদীপা চাকমা, বৃষ্টি দাস ও প্রাপ্তি চাকমা আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিব, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।