প্রতিভা বিকাশে শিশুবান্ধব কর্মসূচির আহ্বান রাষ্ট্রপতির
শিশুদের প্রতিভা বিকাশে অভিভাবক, সামর্থ্যবান ব্যক্তি এবং শিশুকল্যাণে নিবেদিত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আরও বেশি শিশুবান্ধব কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশ শিশু একাডেমীতে গতকাল বৃহস্পতিবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৭-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, শিশুর ব্যক্তিত্ব ও আগ্রহের প্রতি আস্থা রাখতে হবে। অহেতুক বা ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দিলে শিশুদের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হতে পারে, তাদের স্বপ্ন ভেঙে যেতে পারে।
আবদুল হামিদ বলেন, ‘আমরা চাই শিশুরাই হবে আমাদের স্বপ্নের সত্যিকার উত্তরাধিকার। সুবিধাবঞ্চিত ও স্বল্প সুবিধাপ্রাপ্ত শিশুদের দোরগোড়ায় উন্নত জীবনমানের সুযোগ-সুবিধা পৌঁছে দিয়ে সৃষ্টি করতে হবে একটি কল্যাণমুখী সুষম শিশুবান্ধব পরিবেশ।’
পরে রাষ্ট্রপতি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও পদক বিতরণ করেন। বাংলাদেশ শিশু একাডেমী জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করে। এবার এ প্রতিযোগিতার ক্রীড়া, সৃজনশীল নৃত্য, সংগীত, অভিনয়, চিত্রাঙ্কন, হামদ, নাত, কবিতা আবৃত্তি, কিরাত, ছড়াগানসহ ৩২টি বিভাগে ২১২ জন প্রতিযোগী অংশ নেয়।