প্রতিভার স্বাক্ষর রাখল ৪ জেলার ২০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, পিরোজপুর, মানিকগঞ্জ ও জামালপুর জেলায় অনুষ্ঠিত হয়েছে। তিন স্তরে প্রযুক্তি–বিষয়ক এই প্রতিযোগিতায় ওই চার জেলার ৫৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার জন্য পাঁচজন করে ২০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করছে প্রথম আলোর বন্ধুসভা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

পিরোজপুরে শহরে গতকাল অনুষ্ঠিত আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো
পিরোজপুরে শহরে গতকাল অনুষ্ঠিত আই-জেন প্রতিযোগিতায় বিজয়ী পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা l প্রথম আলো

চুয়াডাঙ্গা: শহরের শ্রীমন্ত টাউন হল মিলনায়তনে সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এর এক ঘণ্টা আগে প্রতিযোগী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চ চত্বর। প্রতিযোগিতায় জেলার ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় এমসিকিউ, গেম জোন ও দলীয় উপস্থাপনায় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা নির্বাচিত হয় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ওই বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী হলো আজিজুল হাকিম, আবদুল্লাহ আল মুবিন, আসিফ মাহমুদ, মেহেদী হাসান ও রাব্বী হাসান পলক।
পিরোজপুর: সকাল নয়টায় জেলার ইস্কেন্দার ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলনায়তনে শুরু হওয়া প্রতিযোগিতায় জেলার ১৫টি বিদ্যালয়ের ১২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এমসিকিউ, গ্রেম জোন ও দলীয় উপস্থাপনায় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সর্বোচ্চ নম্বর পেয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়া ওই বিদ্যালয়ের পাঁচ ছাত্রী হলো বিজয়ীনি হালদার, জারিন ফারহানা, দীপান্বিতা সিকদার, সায়মা জেরিন ও মেহেরুন্নেছা মিলা। ফল ঘোষণার আগে বক্তৃতা করেন বিচারক পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কাজী মো. জাহাঙ্গীর আলম ও প্রথম আলোর মঠবাড়িয়া প্রতিনিধি এ কে এম ফয়সাল।
মানিকগঞ্জ: জেলা শহরের পোড়রা এলাকায় আশা কমিউনিটি সেন্টারে সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এতে জেলার ১৬টি বিদ্যালয়ের ১৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ওই বিদ্যালয়ের নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলো সোহেলী আক্তার সিমু, সাদিয়া সিদ্দিক প্রাপ্তি, শিপ্রা রাজবংশী, আফিয়া রহমান ইভা ও কান্তা ইসলাম। ফল ঘোষণার আগে বক্তৃতা করেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন, প্রথম আলো বন্ধুসভার মানিকগঞ্জের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও সুশীল সমাজের প্রতিনিধি বিচারক মোস্তাফিজুর রহমান।
জামালপুর: শহরের শিল্পকলা একাডেমীতে সকাল সাড়ে আটটার মধ্যেই উপস্থিত হয় প্রতিযোগী শিক্ষার্থীরা। সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। জেলার ১৪টি বিদ্যালয়ের ১১১ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা বিদ্যালয় নির্বাচিত হয় জামালপুর জিলা স্কুল। ওই বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর মধ্যে ইয়েস কার্ড পাওয়া পাঁচ শিক্ষার্থী হলো মোহতাসিম হাদী, মো. মোবারশির হোসেন, আহনাফ, নাবিলা মাহমুদ ও এস এম হোজাইফা। দলটির হাতে ইয়েস কার্ড তুলে দেন অনুষ্ঠানের বিচারক জামালপুরের প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।