জামালপুর জেনারেল হাসপাতালে গতকাল শনিবারের চিত্র ছিল অন্য দিনের তুলনায় ভিন্ন। ২৫০ শয্যার হাসপাতালটির সবকিছুই যেন চকচক ঝকঝক করছে। এক বছর ধরে বিকল লিফট দুটিও চলছে। নেই বহিরাগতদের কোনো ভিড়ও।স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির গতকাল হাসপাতালটি পরিদর্শনে গিয়েছিলেন। সবকিছু বদলে যাওয়ার রহস্য এটাই।পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী। সভায় তিনি জানান, হাসপাতালে গিয়ে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে জনবল সংকটের কথা স্বীকার করেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেল হাসপাতালে চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীসহ সব বিভাগেই জনবলের সংকট প্রকট। তাই এখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আবদুল কাইয়ুম ও জামালপুরের সিভিল সার্জন মো. আবদুল হাকিম।শেরপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী: একই দিনে শেরপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী মজিবুর রহমান। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই মতবিনিময় সভায় তিনি বলেন, দেশ বাঁচাতে হলে যেকোনো মূল্যে জনসংখ্যার বিস্ফোরণ রোধ করতে হবে। এ জন্য পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের ঘরে বসে থাকলে চলবে না। তাঁদের সব স্তরের মানুষের কাছে যেতে হবে।০ শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ মো. আতিউর রহমান ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল কাইয়ুম।এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী শেরপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন।