প্রতিমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করার মুহূর্তে গোলাগুলি
নাটোরে একটি বিরোধ মীমাংসার বৈঠক থেকে বের হয়ে ঘটনাস্থল ত্যাগ করার মুহূর্তে গোলাগুলির মুখে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। গত রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাটোরের দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজে ছাত্র-শিক্ষক বিরোধ মীমাংসায় ওই কলেজে এক বৈঠকে অংশ নেন প্রতিমন্ত্রী আহাদ আলী। সন্ধ্যা সাতটার দিকে বৈঠক শুরু হয়। কিন্তু কোনো মীমাংসা না হওয়ায় বৈঠক মুলতবি করেন তিনি। আগামী ১৮ এপ্রিল সকাল ১০টায় আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। রাত আটটার দিকে প্রতিমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁর সঙ্গে থাকা জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে বহনকারী গাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দে উপস্থিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। সন্ত্রাসীদের লাঠির আঘাতে শরিফুলের ব্যক্তিগত গাড়ির চালক মো. সুজা আহত হন।পরে কঠোর পুলিশ নিরাপত্তায় প্রতিমন্ত্রী ঢাকায় রওনা হন। যুবলীগের নেতারা পুলিশ প্রহরায় সদর থানায় চলে আসেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এলাকাবাসী জানায়, এ সময় ছয়-সাতটি গুলির শব্দ শোনা গেছে। শরিফুল ইসলামের গাড়িতে তিনটি গুলির চিহ্ন রয়েছে। তবে নাটোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আপেল মাহমুদ গোলাগুলির কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।