প্রতিমন্ত্রী নানকের একমাত্র ছেলে সায়েমের শোকাবহ বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাইকে সরিয়ে দিয়ে ছেলের লাশের কফিন কাঁধে তুলে নিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বাবার কাঁধে ছেলের লাশ, সে এক হূদয়বিদারক দৃশ্য। এর কিছুক্ষণ পর মূর্ছা গেলেন নানক, তাঁর স্ত্রী নার্গিস কবির ও পুত্রবধূ সারাফ আনিকা রহমান।একমাত্র ছেলে ফাহিমুর রহমান সায়েমের (২৭) লাশ বাসায় পৌঁছার পর জাতীয় সংসদ এলাকায় প্রতিমন্ত্রীর বাসভবনে মাতম পড়ে যায়। স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। সায়েমের শিশুকন্যা মেহেরিন কবির রহমান বুঝতে পারেনি বাবা হারানোর বিষয়টি।গতকাল সকাল থেকে বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ প্রতিমন্ত্রীকে সমবেদনা জানাতে জড়ো হতে থাকেন। ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিকেরা। নানককে সান্ত্বনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজরা সাফারি পার্কের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত মঙ্গলবার রাতে নিহত হন সায়েম। এ সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় সায়েমের মামা সৈয়দ গোলাম এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চিত্রগ্রাহক এনামুল কবির আহত হন। একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় পুলিশ প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিকে জানিয়েছে।গতকাল বুধবার রাজধানীর বনানী কবরস্থানে সায়েমের মরদেহ দাফন করা হয়েছে। এর আগে জাতীয় সংসদের পশ্চিম পাশের মাঠে বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার হাজারো মানুষ অংশ নেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সায়েমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শোক: সায়েমের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ডেপুটি স্পিকার শওকত আলী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চিফ হুইপ মো. আবদুস শহীদ, হুইপ মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাংসদ খন্দকার আসাদুজ্জামান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ পৃথক বিবৃতিতে নিহত সায়েমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক প্রকাশ করেছে আওয়ামী যুবলীগ, আওয়ামী ওলামা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তরীকত ফেডারেশন, জাতীয়তাবাদী যুবদল, আওয়ামী মৎস্যজীবী লীগ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন, জাতীয় গণতান্ত্রিক লীগ, নারী মুক্তি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় শ্রমিক লীগ প্রভৃতি সংগঠন।