প্রতিমন্ত্রী নানকের ছেলে সায়েম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে ফাহিমুর রহমান সায়েমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারসংলগ্ন চত্বরে নিহত সায়েমের আত্মার মাগফিরাত কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।একমাত্র ছেলেকে হারিয়ে শোকার্ত এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, এমন দুর্ভাগ্যজনকভাবে সড়ক দুর্ঘটনায় আর কোনো মা-বাবার বুক যেন খালি না হয়। প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানু নার্গিস উপস্থিত সবাইকে তাঁর সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার অনুরোধ জানান। ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সায়েম নিহত হন।