প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ধর্ষণ চেষ্টা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নৃত্যশিল্পীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নাজমুল হুদা ওরফে পলাশ। শনিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের দোতলায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান নাজমুল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা মতবিনিময় সমাবেশে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডার ইনামুল হক বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মীর মোস্তাক আহমদ, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, জেলা প্রশাসক মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার হাবিবুর রহমান খান প্রমুখ।মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানোর পর ছাত্রলীগের পক্ষ থেকে ধর্ষণচেষ্টা মামলার আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডার ইনামুল হক বিশ্বাস বলেন, ‘ছাত্রলীগের যারা ফুল দিয়েছে, তাদের আমরা আমন্ত্রণ জানাইনি। বঙ্গবন্ধু সৈনিক লীগের এক কেন্দ্রীয় নেতার ইচ্ছায় হঠাৎ এসে তারা মন্ত্রীকে ফুল দিয়ে দ্রুত চলে যায়।’সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এক কলেজছাত্রী। নৃত্য পরিবেশন শেষে ওই রাতে খাওয়ার নাম করে ওই ছাত্রী ও তাঁর স্বামীকে ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান শহরের মধ্য কটিয়ায় সাধারণ সম্পাদক নাজমুল হুদার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে ওই নৃত্যশিল্পীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। পরদিন নৃত্যশিল্পী বাদী হয়ে শেখ জুয়েল হাসান ও নাজমুল হুদার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। এ ঘটনায় ৫ জানুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শেখ জুয়েল হাসান ও নাজমুল হুদাকে বহিষ্কার এবং সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত করে।