প্রতিমন্ত্রীকে মুঠোফোনে হুমকির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে মো. তুহিন (২৮) নামের এক যুবককে গতকাল সোমবার রাতে পটুয়াখালী শহরের শান্তিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল দুপুরে পটুয়াখালী-৪ আসনের সাংসদ মাহবুবুর রহমানের মুঠোফোনে চাঁদা চেয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করে।

তুহিনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামে। তিনি তাঁর পরিবারের সঙ্গে পটুয়াখালী শহরের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত মুঠোফোনে অন্য একটি মুঠোফোন নম্বর থেকে কল করে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে কলটি কেটে দেন। পরে আবারও কল করে চাঁদার টাকা না দিলে প্রতিমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, তাঁকে হুমকি দেওয়ার পর বিষয়টি তিনি পটুয়াখালী পুলিশ সুপারকে অবহিত করেন।

মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, পুলিশ সুপারের নির্দেশে তাঁরা তদন্ত শুরু করেন। মুঠোফোনের কললিস্ট ধরে রাত সাড়ে নয়টার দিকে শহরের শান্তিবাগ এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গ্রেপ্তারের পর তুহিন প্রতিমন্ত্রীকে কল করার কথা স্বীকার করলেও চাঁদা ও হুমকির বিষয়টি অস্বীকার করেছেন।