স্বর্ণামতি সড়ক সেতুর নির্মাণকাজ উদ্বোধন
প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে দুই ঘণ্টা রোদে শিক্ষার্থীরা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে গতকাল শনিবার খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ স্বর্ণামতি সড়ক সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেছেন। প্রায় দুই ঘণ্টা রোদে দাঁড়িয়ে থেকে আদিতমারী জি এস উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল দুপুর দেড়টার দিকে খাদ্য প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাংসদ নুরুজ্জামান আহমেদ ওই সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিতে তিনি বেলা পৌনে দুইটার দিকে আদিতমারী জি এস উচ্চবিদ্যালয় মাঠে যান। তাঁকে স্বাগত জানাতে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা বলেন, বিদ্যালয় মাঠে প্রতিমন্ত্রীর আলোচনা সভার আয়োজন করায় শুধু রোল কল করে তাৎক্ষণিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। মন্ত্রীকে দেখবে, তাঁর কথা শুনবে এ জন্য শিক্ষার্থীরা আলোচনা সভার দর্শক ও শ্রোতা হিসেবে উপস্থিত ছিল। আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে কুচকাওয়াজের প্রশিক্ষণের জন্য আসা বিদ্যালয়ের স্কাউট ও গার্ল গাইডের সদস্যরা প্রতিমন্ত্রীকে বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্বাগত জানায়।
শ্রেণি পাঠদান বন্ধ রেখে কোনো মন্ত্রী বা অন্য কাউকে এভাবে শিক্ষার্থীদের স্বাগত না জানানোর জন্য নির্দেশনা থাকার কথা জানালে এর জবাব না দিয়ে প্রধান শিক্ষক মুঠোফোনের সংযোগ কেটে দেন।
গতকাল আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান। বক্তব্য দেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসনের সাংসদ সফুরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল হক প্রমুখ।
সভায় নুরুজ্জামান আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এর ধারাবাহিকতায় স্বর্ণামতি সড়ক সেতুর নির্মাণকাজের উদ্বোধনের মাধ্যমে আজ জেলার মানুষের অন্যতম একটি স্বপ্ন পূরণ হতে চলেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এক যুগেরও বেশি সময় আগে স্বর্ণামতি সড়ক সেতুটি পরিত্যক্ত হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুটির ওপর স্টিলের পাটাতন দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে। প্রায়ই সেটি দেবে গিয়ে মানুষের ভোগান্তি হতো। এ ভোগান্তির অবসানে স্বর্ণামতি নদীর ওপর ৯৩ দশমিক ৬৪৪ মিটার দীর্ঘ চার লেনবিশিষ্ট পিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকা। সেতুটির প্রস্থ ১৮ দশমিক ২০ মিটার। সওজ কাজটি বাস্তবায়ন করছে।
‘স্বর্ণামতি সেতু এখন মরণ ফাঁদ’ শিরোনামে ২০১৫ সালের ১১ মার্চ প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। একই বছরের ২২ আগস্ট প্রথম আলোয় ‘স্বর্ণামতি সেতুর পাটাতন হেলে লালমনিরহাটের যোগাযোগ বিচ্ছিন্ন’ শিরোনামে আরও একটি সচিত্র সংবাদ ছাপা হয়।