প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় শিক্ষার্থীরা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর গতকাল মঙ্গলবার মাগুরায় প্রথম এলেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সাংসদ বীরেন শিকদার। প্রতিমন্ত্রী হিসেবে মাগুরায় আগমন উপলক্ষে তাঁকে গণসংবর্ধনা দেওয়া দেয় জেলা আওয়ামী লীগ।
আর মন্ত্রীকে স্বাগত জানতে সরকারি বিধিনিষেধ সত্ত্বেও মহাসড়কের পাশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। প্রতিমন্ত্রীর মাগুরায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় নোমানী ময়দানে গণসংবর্ধনার আয়োজন করা হয়। বেলা তিনটার দিকে প্রতিমন্ত্রী মাগুরা জেলার প্রবেশ পথ ফরিদপুরের গড়াই সেতু এলাকায় পৌঁছান। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে তাঁকে চার শতাধিক মোটরসাইকেল ও অর্ধ শতাধিক মাইক্রোবাস ও ব্যক্তিগত মোটরগাড়ির শোভাযাত্রা করে নোমানী ময়দানে আনা হয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। মোটর শোভাযাত্রার কারণে মহাসড়ক ও মাগুরা শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নোমানী ময়দানে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নেতা মুন্সী রেজাউল হক। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক হাসান সিরাজ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমি দলমতের উর্ধে উঠে সবার সহযোগিতা নিয়ে সুন্দর মাগুরা গড়তে চাই। আমি একটি দলের হলেও মন্ত্রী হিসেবে আমি সবার। পরে প্রতিমন্ত্রীকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
স্বাগত জানাতে রাস্তায় শিক্ষার্থীরা: প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয় শিক্ষার্থীদের। দুপুর ১২টা থেকে কনকনে শীতের মধ্যে গড়াই সেতু এলাকায় শ্রীপুরের নাকোল ডিগ্রি কলেজ, নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয়, সানরাইজ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক ছাত্রছাত্রীকে ঘন্টার পর ঘন্টা মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়।