প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আ.লীগ নেতাদের ক্ষোভ প্রকাশ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌর আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করলেন। দলে দুর্বল নেতৃত্ব, সমন্বয়হীনতা, দুর্নীতি ও তৃণমূল নেতা-কর্মীদের উপেক্ষার অভিযোগ এনেছেন তাঁরা। গত রোববার সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, সভার শুরুতেই উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানান। এরপর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আরও সাত-আটজন নেতা তাঁদের বক্তব্যে দলীয় বিভিন্ন নেতার বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে সভার প্রধান অতিথি প্রতিমন্ত্রী শিরিন শারমিন নেতাদের সংযত থাকার আহ্বান জানান। সূত্র জানায়, সভার শেষের দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবু বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী হইচই শুরু করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার রুহুল আমিন, সহসভাপতি মাহফুজুর রহমান, চাষীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হারুন মোল্লা প্রমুখ।সভার শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতাদের সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি এই দুই কমিটির সদস্যদের নিয়ে পুনরায় বসার আশ্বাস দেন।সভার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু বলেন, ‘বড় দলের সভা হলে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁদের ক্ষোভ প্রকাশ করতেই পারেন। তবে সভায় কোনো সমস্যা হয়নি।’