প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি মাছের ঘেরের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যশোর-৬ আসনের স্থানীয় সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিষ্ণুপুর গ্রামে একটি মাছের ঘেরের নিয়ন্ত্রণ নিয়ে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মোস্তাফিজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আলাদাভাবে তদন্ত করে প্রতিবেদন জমা দিলেও সমস্যার সমাধান হয়নি।
অবশেষে এ সমস্যা সমাধানে গতকাল বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ দুই পক্ষকে নিয়ে বিষ্ণুপুর গ্রামের ঈদগাহ মাঠে একটি সালিস বৈঠক বসে। বৈঠকে কাজী মোস্তাফিজুল তাঁর নিয়ন্ত্রণে থাকা ৭৪ বিঘা জমির কাগজপত্র দেখান। এরপর শাহাদত হোসেন তাঁর পক্ষের কাগজপত্র দেখানো শুরু করেন।
বেলা দুইটার দিকে প্রতিমন্ত্রীর উপস্থিতিতেই শাহাদত হোসেন ও মোস্তাফিজুল সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আতিয়ার রহমান, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, লিটন হোসেন, আকবর আলী, মন্টু সরদার, রশিদা খাতুন, শওকত শেখ, আমিনুর রহমান, হোসেন আলীসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
মোস্তাফিজুল ইসলাম দাবি করেন, ‘আমি শান্তিপূর্ণভাবে আমার কথা বলার পরে চেয়ারম্যানের পক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়।’
শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রীর উপস্থিতিতেই দুই দফা সংঘর্ষ হয়েছে।’ তিনি দাবি করেন, অপর পক্ষের লোকজন প্রথমে তাঁর লোকজনের ওপর হামলা চালায়।
শাহাদাতের ভাই সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান অভিযোগ করেন, মোস্তাফিজুলের ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মানিক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী পান্না বাইরে থেকে সন্ত্রাসীদের ভাড়া করে এনে তাঁদের ওপর হামলা চালিয়েছে।
ইউএনও আবু সায়েদ মো. মনজুর অলম বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানকার জমির মালিকদের কাগজপত্র পরীক্ষা করে দেখা হবে। যার পক্ষে বেশি লোকের মতামত পাওয়া যাবে, তাঁকে মাছ চাষের জন্য ঘেরটি দেওয়া হবে। বিরোধপূর্ণ ঘের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।