প্রতিমন্ত্রীর এপিএস বণিক সমিতির নির্বাচনে প্রার্থী!
দিনাজপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচনে একটি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মির্জা আশফাক হোসেন। আইনগতভাবে কোনো বাধা না থাকলেও নৈতিকভাবে এই নির্বাচনে প্রতিমন্ত্রীর এপিএসের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।২৫ জুলাই দিনাজপুর শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মালেক বলছেন, ‘এপিএস থাকা অবস্থায় মির্জা আশফাকের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।’দিনাজপুর শিল্প ও বণিক সমিতি সূত্রে জানা যায়, সমিতির ভোটারসংখ্যা এক হাজার ৯১৫। নির্বাহী কমিটির ১৮টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলের নেতৃত্বে আছেন দিনাজপুরের ব্যবসায়ী ও সমিতির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম। অপর প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির বিদায়ী সভাপতি নুরুল মঈন।ব্যবসায়ী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যে দিনাজপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচন হচ্ছে। নির্বাচনে বিদায়ী সভাপতি নুরুল মঈনের প্যানেল থেকে ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমানের এপিএস মির্জা আশফাক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু আইন অনুযায়ী, মন্ত্রীর এপিএসরা এ ধরনের কোনো সংগঠনের নির্বাহী পরিষদে থাকতে পারেন না।’ তিনি বলেন, ‘এ ব্যাপারে এফবিসিসিআইয়ের নির্বাচনী আরবিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছিল। পাঁচ সদস্যবিশিষ্ট ওই ট্রাইব্যুনাল গত বছরের ২৩ জুলাই দেওয়া আদেশে ভূমি প্রতিমন্ত্রীর এপিএস পদে থাকা অবস্থায় শিল্প ও বণিক সমিতির নির্বাচনে নির্বাহী কমিটির পদে মির্জা আশফাকের অংশগ্রহণকে সম্পূর্ণ অবৈধ বলেছেন। আদেশে বলা হয়েছে, ১৯৭৯ সালের চাকরি বিধির ১৭ নম্বর ধারামতে, একজন সরকারি চাকরিজীবী কোনোভাবেই নিজে কোনো ব্যবসা বা ব্যবসায়িক সংগঠনের সদস্য হতে পারেন না। এ অবস্থায় মির্জা আশফাক হোসেনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।’দিনাজপুরের আইনজীবী মো. মাজহারুল ইসলাম সরকার বলেন, মন্ত্রীদের এপিএসরা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। সরকারি স্কেলে বেতন ছাড়াও সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। আইন অনুযায়ী দায়িত্বে থাকা অবস্থায় তাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।দিনাজপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ‘মন্ত্রী মনোনীত হলেও এপিএসরা সরকারি চাকরি করেন। তাঁদের নিয়োগ দেওয়া হয়, সরকারি গেজেট প্রকাশ করা হয়। এ অবস্থায় যত দিন তাঁরা ওই পদে থাকবেন, আইন অনুযায়ী তাঁরা চেম্বার কেন, কোনো সংঠনেরই কার্যকরি পদে প্রার্থী এমনকি সাধারণ সদস্যও থাকতে পারেন না।’জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রীর এপিএস মির্জা আশফাক হোসেন দাবি করেন, এগুলো তাঁর বিরুদ্ধে অপপ্রচার। বিরোধী পক্ষরা এগুলো করাচ্ছে। গত বছরের ২৭ জুলাই সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৩-এর জ্যেষ্ঠ সহকারী সচিব হাফছা বেগম স্বাক্ষরিত একটি কপির বরাত দিয়ে মির্জা আশফাক বলেন, ‘প্রিভিলিজেস অ্যাক্ট, ১৯৭৩-এর আওতায় মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী তাঁদের একান্ত সচিবদের নিয়োগ দেওয়া হয়। তাঁদের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভেন্টস কনডাক্ট রুলস, ১৯৭৯ প্রযোজ্য নয়।’