প্রতিমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমানের সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মামলার শুনানি চলাকালে বাদীসহ সাক্ষীদের মারধর, নগদ টাকা ও মামলার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় কলাপাড়ার ধুলাসার গ্রামের আবুল খায়ের কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি এ ঘটনায় শামিমসহ নয়জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এদিকে শামিম গতকাল সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ ছাড়া বিবাদীপক্ষের আবদুর রব সিকদার বাদী হয়ে আবুল খায়ের ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল খায়ের অভিযোগ করেন, রোববার একটি নামজারি মামলার শুনানির জন্য তিনি সাক্ষীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। শুনানির সময় শামিম জাল কাগজপত্র নিয়ে বিবাদীদের পক্ষে তাঁর (আবুল খায়ের) সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে শামিমের নির্দেশে দোহা, মতিন সিকদার, আবদুর রব সিকদার, ছত্তার মুন্সিসহ ১০-১২ জন তাঁকেসহ কয়েকজন সাক্ষীকে মারধর করে কাগজপত্র ছিনিয়ে নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ৪০ হাজার টাকাও তাঁরা ছিনিয়ে নেন। ইউএনও দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘শুনানি শেষে সবাই নিচে চলে যান এবং সেখানে বাদী-বিবাদীর মধ্যে গন্ডগোলের কথা শুনেছি।’