প্রতিমন্ত্রীর কাছে কাজ চাইলেন ভাইস চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত ২০ মাসে ভাইস চেয়ারম্যানদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তাঁদের কাজ উপজেলা পরিষদের মাসিক সভায় উপস্থিত হয়ে সই করা। ভাইস চেয়ারম্যানদের বিভিন্ন দাবি গত সাত মাস আগে আপনার কাছে পেশ করা হলেও আপনি কোনো ব্যবস্থা নেননি। আমাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে সরকার প্রতিকূলতায় পড়বে।’কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) মিলনায়তনে গতকাল রোববার উপজেলা পরিষদ ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে উদ্দেশ করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের কমিটিতে ভাইস চেয়ারম্যানদের মাইনাস করা হয়েছিল। আমি আপনাদের নাম জুড়ে দিয়েছি।’ প্রতিমন্ত্রীর বক্তব্য চলাকালে দর্শকসারি থেকে দাঁড়িয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. এমাদুল ইসলাম বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে আমরা অন্তর্ভুক্ত হয়েছি কি না জানি না। আমাদের কোনো কাজ দিতে না পারলে ঘাস বাছাইয়ের দায়িত্ব দেন।’ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘যদি কাজ না দিতে পারেন, তাহলে একটি পরিপত্র জারি করে আমাদের বাদ দিয়ে দেন।’ তখন দর্শকসারিতে থাকা মহিলা ভাইস চেয়ারম্যানরা চিৎকার করে তাঁদের কাজ দেওয়ার দাবি জানান। একপর্যায়ে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির উত্তেজিত হয়ে বলেন, ‘ভালো না লাগলে আপনারা পদত্যাগ করেন। বলছি তো, দীর্ঘদিনের ঝঞ্ঝাট দূর করতে সময় লাগবে।’ বার্ডের মহাপরিচালক মো. আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম, প্রশিক্ষণ কোর্সের পরিচালক মিলন কান্তি ভট্টাচার্য ও মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলা পরিষদের ৪০ জন ভাইস চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২ ডিসেম্বর পর্যন্ত এই কোর্স চলবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং বার্ডের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কোর্স চলছে। বর্তমানে প্রশিক্ষণ চলছে ১১তম ব্যাচের।