প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল-মামুন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও চার শতাধিক ব্যক্তিকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় একটি মামলা করেন। আসামিদের বিরুদ্ধে দেশের সংহতি ও নিরাপত্তা বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক, সরকারি উন্নয়নকাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও গুরুতর আঘাতজনিত সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। তবে গতকাল রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।কামারেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনসহ ৪৬ জনকে আসামি করে সদর থানায় আরেকটি মামলা করেন। এজাহারে বলা হয়, গত বুধবার বিকেলে ইলিয়াছ উদ্দিনের নেতৃত্বে কামারেরচর ও মুন্সীরচর এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাঁচ-সাতটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়। এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনকে আহত করার ঘটনায় তাঁর ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেছেন। আরজিতে বলা হয়, শেরপুর-১ (সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. আতিউর রহমানের নির্দেশে ও জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে ১০ জন ইলিয়াছ উদ্দিনের ওপর হামলা চালান। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বিচারিক হাকিম।প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর ও চরাঞ্চলের উন্নয়নকাজে বাধা দেওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে রঘুনাথ বাজার থানা মোড়ে সমাবেশ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আতিউর রহমানের সভাপতিতে সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া প্রমুখ।শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, কামারেরচরের ঘটনায় সদর থানায় দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর কলেজ মাঠে এক জনসভায় এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কথা বলার সুযোগ না দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে সদর উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমানসহ ২৫ জন আহত হন। এ সময় ক্ষুব্ধ চরাঞ্চলবাসীর হামলায় পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান ও সাংবাদিকদের বহনকারী দুটি গাড়ির কাচ ভেঙে যায়।